রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিটের আদেশ রোববার
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে যোগ্য ব্যক্তিরা প্রার্থী হতে পারছেন না- এমন যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে করা রিটের আদেশ হবে আগামী রোববার।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ৯ এপ্রিল এই আবেদন করার পর বুধবার তা শুনানির জন্য ওঠে।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। অন্যদিকে রিটকারী নিজেই শুনানি করেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং ওই অনুচ্ছেদ বাতিল করতে কেন বিবাদিদেরকে নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুল চাওয়া হয়েছে ইউনুসের এই আবেদনে।
আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ বিষয়ক সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদি করা হয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
শুনানি শেষে ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ সকালে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র তুলতে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন মনোনয়পত্র দেননি। তিনি বলেছেন, মনোনয়নপত্র নিতে হলে প্রস্তাব ও সমর্থনকারী হিসাবে দুইজন সংসদ সদস্যের সনদ লাগবে। এই ঘটনা আমি শুনানিতে আদালতকে জানিয়েছি।
“শুনানিতে আদালত জানতে চেয়েছে, আমি এ মামলায় সংক্ষুব্ধ কীভাবে? জবাবে আমি বলেছি, এর সঙ্গে জনস্বার্থ জড়িত। একইসঙ্গে এখানে আমার ব্যক্তিগত স্বার্থও জড়িত। ৭০ অনুচ্ছেদ থাকার কারণে আমি প্রার্থী হওয়ার জন্য সংসদ সদস্যদের সনদ নিতে পারছি না।”
এই আইনজীবী যুক্তি দেন, “ওই অনুচ্ছেদ থাকায় কোনো সংসদ সদস্য দলীয় পছন্দের বাইরে গিয়ে আমাকে ভোট দিতে পারবেন না। সাধারণত ভোট হয় গোপন ব্যালটে। কিন্তু এখানে ব্যালটে সংসদ সদস্যের নাম, পরিচয় ও কাকে ভোট দিচ্ছেন সেটা লিখতে হয়। এতে ভোটদাতাদের যে কোনো সময় চিহ্নিত করা যায়। ফলে স্বাধীনভাবে ভোট দেয়ার কোনো সুযোগ নেই।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বলেন, “আমরা আদালতে বলেছি, আমাদের ৭০ অনুচ্ছেদের মতো বিধান পৃথিবীর অনেক দেশেই রয়েছে। সংবিধানের কোনো অনুচ্ছেদের সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক নয়।”
“আর আবেদনকারী জনস্বার্থে রিট করলেও নিজে প্রার্থী হতে চান। নিজের স্বার্থ থাকলে জনস্বার্থে রিট করা যায় না। উনি সংক্ষুব্ধ হিসাবে রিট করতে পারেন। তবে ব্যক্তিগত স্বার্থ থাকায় জনস্বার্থে করা এই রিট চলতে পারে না।”
ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯১ সালের আইন অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন সংসদ সদস্যকে প্রস্তাব করতে হয়, আরেকজনকে সমর্থন করতে হয়। দলীয় আনুগত্যের বাধ্যবাধকতার কারণে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন না, যা দেশের মানুষের মৌলিক অধিকারের লংঘন।
৭০ অনুচ্ছেদকে সংবিধানের ৭(১), ১৯(১), ২৬, ২৭, ৩১ ও ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়েছে তার রিট আবেদনে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সে অনুযায়ী, ২৯ এপ্রিল সংসদে ভোট গ্রহণের দিন রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।
১৯৯১ সালের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় ওই একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয় সংসদ সদস্যদের। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
