চট্টগ্রামে ধর্ষকের ষাট বছর সাজা
চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ধর্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অপহরণে জড়িত ধর্ষকের ছোট ভাই কামাল উদ্দিন, ভগ্নিপতি দুলাল ও বন্ধু ইসমাইলকে ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ধর্ষকের বোন মেহেরুন্নেছাকে বেকসুর খালাস দিয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান আসামি জামালকে আলাদাভাবে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ দণ্ড তাকে একটির পর একটি মোট ৬০ বছর ভোগ করতে হবে।
আদালত থেকে জানা যায়, ২০০৬ সালের ২৭ জুন চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মতিন্যার পুলের পশ্চিম পাশ থেকে স্থানীয় একটি মাদ্রসার ওই ছাত্রীকে অপহরণ করে প্রতিবেশি জামালসহ অন্যান্য দণ্ডিতরা।
পরে নগরীর চাক্তাই এলাকার চেয়ারম্যান কলোনির একটি ঘরে কয়েক দিন আটক রেখে ধর্ষণ করে জামাল। খবের পেয়ে ওই ছাত্রীর চাচা এবং চাক্তাই এলাকার এক বাসিন্দা তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় ২০০৬ সালের ২ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ছয় জনকে আসামির করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- জামাল উদ্দিন ও তার ছোট ভাই কামাল উদ্দিন, তাদের দুই বোন নূরুন্নেছা ও মেহেরুন্নেছা এবং নূরুন্নেছার স্বামী দুলাল ও জামালের বন্ধু ইসমাইল।
এর পর ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০০৭ সালের ২২ জুলাই আদালতে এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। মামলার বিচার চলাকালীন আসামি নূরুন্নেছা মারা যাওয়ায় তার নাম বিচার কার্যক্রম থেকে বাদ দেয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছেন।
