সিলেটে পিলার ভেঙে পড়ে নিহত ২
সিলেটের দক্ষিণ সুরমায় মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের পিলার ভেঙে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
ভার্থখলায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামের প্রয়াত আবদুল জলিলের ছেলে কামাল আহমদ (২৬) ও কিশোরগঞ্জের ইমাম আহমদের ছেলে আকাশ আহমদ (১৮)।
দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন বলেন, ভার্থখলা জামে মসজিদের বিপরীতে জনৈক মাখন মিয়ার মালিকানাধীন চারতলার বাসায় নির্মাণ কাজ চলছিল।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে চারতলা থেকে একটি পাকা পিলার ভেঙে নিচে রাস্তায় দাঁড়ানো কামাল আহমদ ও আকাশ আহমদের উপরে পড়ে।
এতে ঘটনাস্থলেই কামাল আহমদের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আকাশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসার মালিকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
