২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছিনতাই মামলায় ছাত্রদলকর্মী আটক, গাড়ি ভাংচুর

সিলেটে ছিনতাই মামলায় এক ছাত্রদল কর্মীকে আটকের প্রতিবাদে নগরীতে অন্তত ২০টি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে সংগঠনটির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর হকার্স পয়েন্ট,  কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্টে এই ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর ধোপাদিঘিরপাড় থেকে সোমবার চেইনশপ ‘স্বপ্ন’র কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় মঙ্গলবার বিকালে ছাত্রদলকর্মী লিটন কুমার দাস নান্টুকে আটক করে পুলিশ।

এর প্রতিবাদে তাৎক্ষণিক কোর্ট পয়েন্টে মিছিল বের করে ছাত্রদল। ছাত্রদল কর্মীরা লাটিসোটা নিয়ে গাড়ি ভাংচুর শুরু করে। এসময় তারা অন্তত ২০ টি সিএনজি আটোরিকশা ও একটি টাউনবাস ভাংচুর করে।

এ সময় বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে কোর্ট পয়েন্টে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছিলো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, একটি ছিনতাইয়ের মামলায় নান্টুকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন জানান, নান্টু চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের সময় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।