২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ফাঁড়ি উড়িয়ে দেয়ার হুমকি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ ফাঁড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

পুলিশ জানিয়েছে, ফাঁড়ির ইনচার্জ খ ম হাফিজুর রহমানকে সোমবার রাতে ধাপেরহাট ইউপি সদস্য মাহমুদা বেগমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে এ হুমকি দেন খামারপাড়া গ্রামের রেজাউল করিম বিশুর ছেলে মাসুদ মন্ডল (২৬)।

হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-রংপুর মহাসড়কে ডাকাতির অভিযোগে পুলিশ সম্প্রতি আবুল কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তাকে ছাড়িয়ে নিতে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য মাহমুদা বেগম ও তার লোকজন তদবির করেন। কিন্তু তাকে ছাড়া হয়নি।

এর জেরে সোমবার রাতে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত মোবাইল ফোন (০১৭৪০-৩৯৫১২৬) থেকে মাসুদ মন্ডল ফাঁড়ির ইনচার্জকে অকথ্য ভাষায় গালাগাল ও জীবন নাশের হুমকি দেন। এক পর্যায়ে বোমা মেরে ধাপেরহাট পুলিশ ফাঁড়ি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ফোনের লাইন কেটে দেন, বলেন হাফিজ।

সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান বলেন, এ ঘটনায় ওই রাতেই ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওই মোবাইল ফোন ব্যবহারকারী এবং ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।