‘মুক্তিযুদ্ধের দুশমনরা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়’
মুক্তিযুদ্ধের দুশমনরা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার ময়মনসিংহে তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী, জামায়াত-শিবির ও বিএনপির কিছু লোক মুক্তিযুদ্ধে দুশমনের ভূমিকা পালন করেছে এবং এখন এরাই যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিচারকাজে বাধার সৃষ্টি করছে।
দুপুরে ময়মনসিংহের গৌরিপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না বলেও তিনি হঁশিয়ার করে দেন।
“যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করে আমরা প্রমাণ করব বাংলাদেশ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,” বলে স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে তিনি এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন থানা ভবনের উদ্বোধন করেন।
সুধী সমাবেশে ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া প্রমুখ।
