কেরানীগঞ্জে বন্ধুদের ছুরিতে যুবক খুন
ঢাকার কেরানীগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে আহত এক যুবক মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে মালিভিটা গ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে রনি মারাত্মক আহত হন। বুধবার ভোরে রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ওসি জানান।
রনির চাচা সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুবেল, হারুন ও রিয়াদসহ রনির পাঁচ-ছয় বন্ধু তাকে বাসার কাছেই ছুরি মেরে পালিয়ে যায়। এক ভাই দুই বোনের মধ্যে রনি বড়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
