২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতা: সরকারের গড়িমসিতে প্রধান বিচারপতির ক্ষোভ

নিম্ন আদালতের বিচারকদের বেতন- ভাতা বৃদ্ধির আদেশ বাস্তবায়নে সরকারের গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 06:12 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে মঙ্গলবার মাসদার হোসেন মামলার শুনানিতে তিনি বলেন, “বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে আপনারা একটি প্রস্তাব নিয়ে এসেছেন, আমরা সেটা কিছুটা সংশোধন করে দিয়েছি। এরপর আপনারা সেটা বাস্তাবায়ন করেননি। যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে বলে দিন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এখানে আর আসবে না।”

আগের দিন এই মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষ লিখিতভাবে আদালতকে জানায়, নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সরকার একটি আইন করছে।

এ বিষয়ে আপিল বিভাগ সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখে, “২০০৯ সালের আইন কি যথেষ্ট না। আমরা আদেশ দিয়েছি। সেটা যদি সংসদে পাঠানো হয়, সেখানে তো এটা নিয়ে আলাপ-আলোচনা হবে। এতে আদালতকে কি আন্ডারমাইন করা হয় না? এভাবে চলতে থাকলে তো বিচার বিভাগ ধ্বসে পড়বে। তাহলে আর সর্বোচ্চ আদালত থেকে লাভ কী?”

সর্বোচ্চ আদালত আদেশ দেয়ার পর তা পরিবর্তনের সুযোগ আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

সোমবারের আবেদন বিষয়ে প্রধান বিচারপতি বলেন, আদালতের জ্যেষ্ঠ আইনজীবীদের অ্যামিকাস কিউরি হিসাবে রেখে বিষয়টি ফুল কোর্টে শুনবে আদালত।

এই আদেশ দিয়ে রোববার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায় দেয়। মাসদার হোসেন মামলার ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনাও দেয় সর্বোচ্চ আদালত।

ওই রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে ততোদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।

ওই রায়ের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠিত হয়। কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা বাড়ানোসহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ চূড়ান্ত করে, যা একইমাসে সরকারের কাছে পাঠানো হয়।

সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। এরপর সুপারিশ বাস্তবায়নের জন্য গত বছরের ১ অক্টোবর, ৪ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং গত ১০ জানুয়ারি চার দফা সময় বাড়ায় আদালত।

গত নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সরকার আরো ২০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শতকরা আরো ত্রিশভাগ বাড়ানো হয়েছিল। এরপর সরকার একটি প্রস্তব দেয়, যার কিছুটা পরিবর্তন করে বাস্তবায়ন করতে বলে আদালত।