উপ-নির্বাচনে জলিলের স্ত্রীকে মনোনয়নের অনুরোধ
আওয়ামী লীগ নেতা জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে তার স্ত্রী রেহেনা জলিলকে চায় জেলা আওয়ামী লীগ।
সোমবার জেলা আওয়ামী লীগের সভায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি ফজলে রাব্বি বকু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল জলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রীকে উপ-নির্বাচনে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।
ফজলে রাব্বি বকুর সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক, দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রম বিষয়ক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ৩৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর আসনে আগামী ২৫ মে উপ-নির্বাচন হবে।গত ৬ মার্চ আব্দুল জলিলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তফসিল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২৮ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ মে ভোট গ্রহণ হবে।
