শেরপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেরপুরের নকলা উপজেলায় স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
পাঁঠাকাটা ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রীর বাবা সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
দুপুরে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় হাবিবুর রহমান।
তিনি বলেন, এ ব্যাপারে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হলেও প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করছে।
অভিযোগে বলা হয়, গত ৩ এপ্রিল টিফিনের সময় পানি খেতে এক সহপাঠীসহ ছাত্রীটি স্কুল সংলগ্ন বাশারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার রান্না ঘরে গেলে মাহমুদুল হক তার সহাপাঠীকে রান্নাঘর থেকে বের করে দিয়ে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় মেয়েটির অভিভাবক মামলা করতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউপি সদস্য সাইদুর বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
কিন্তু বেশ কিছুদিন পর বোঝা যায় তারা কালক্ষেপন করছেন। এরপর ছাত্রীর বাবা গত ৯ এপ্রিল মামলা করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে নকলা থানার ওসিকে ২৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
নকলা থানার ওসি এ কে এম ফছিহুর রহমান বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে মামলার কাগজপত্র এখনো আমার হাতে আসেনি। কাগজপত্র পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
