২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো পুড়িয়ে প্রতিবাদ

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী নারীদের ‘অমর্যাদাকরভাবে উপস্থাপন’ করে লেখা গল্প প্রকাশের অভিযোগে প্রথম আলো পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্র-জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দৈনিক পত্রিকাটির কপিতে আগুন দেয়া হয়।

এই কর্মসূচির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র সাদনান সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার মঞ্চের এই সংগঠক গণজাগরণ মঞ্চেও সক্রিয়।

সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম আলোর রোববার নববর্ষ সংখ্যায় হাসনাত আবদুল হাইয়ের ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামের যে গল্প প্রকাশ হয়েছে, তার প্রতিবাদে আমরা পত্রিকাটি পুড়িয়েছি।”

প্রথম আলো ইতোমধ্যে পাঠকদের কাছে ক্ষমা চেয়ে গল্পটি প্রত্যাহার করে নিয়েছে।

ওই গল্পে গণজাগরণ মঞ্চের নারী আন্দোলনকারীদের ‘বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে দাবি করে তা প্রকাশের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব।

এছাড়া গল্পকার সাবেক আমলা হাসনাত আবদুল হাইকে দেয়া সব পদক প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

সাকিব বলেন, “আমরা জানি সাহিত্যকর্মের জন্য এই লেখককে বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক দেয়া হয়েছে। চরম প্রতিক্রিয়াশীল এই গল্প লেখার জন্য তার কাছ থেকে পদকগুলো ফিরিয়ে নেয়া হোক।”

সাবেক আমলা হাসনাত আব্দুল হাইয়ের লেখা ওই গল্প প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এ নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। এরপর প্রথম আলো গল্পটি প্রত্যাহার করে।

পুরনো খবর:

প্রতিক্রিয়া ও পোড়ানোর মধ্যে প্রথম আলোর ক্ষমা প্রার্থনা