চাঁদাবাজি: ১১ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
পহেলা বৈশাখে চাঁদাবাজী ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হল শাখার ১১ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
এরা হলেন- দ্বিতীয় বর্ষের তাপস সরকার (সংস্কৃত), আসিফ উদ্দিন আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শামীম আহমেদ (ইংরেজি), শাহিন মিয়া (অর্থনীতি), ঐতিহ্য (ইতিহাস), তানভীর আহমেদ (ফিন্যান্স), পিকুল ও শাহাদাত; চতুর্থ বর্ষের নাহিদ, হাসান এবং মাস্টার্সের ওবায়দুল।
ছাত্রলীগের সলিমুল্লাহ হল শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, “ফুলার রোডের ওই ঘটনায় তাদের ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
শিক্ষার্থীরা জানান, পহেলা বৈশাখের আগের রাত থেকে ভোর পর্যন্ত এসএম হলের ১০/১২ জন ছাত্রলীগ কর্মী ফুলার রোডে যাওয়া রিকশা, রিকশা ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি করে।
এ খবর পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হন।
উপস্থিত সাংবাদিকরা জানান, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আহমেদ জায়িফ, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল ও ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তীকে এলোপাতাড়ি পেটায় ছাত্রলীগ কর্মীরা।
