২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের শীর্ষ ৬ নেতার জামিন আবেদন মুলতবি

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে দ্রুত বিচার আইনের দুই মামলায় কারাবন্দি ১৮ দলের শীর্ষ পর্যায়ের ৬ নেতার জামিন আবেদন মুলতবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের দুটি আবেদনের শুনানি শেষ হয়েছে।

বাকী পাঁচ জনের ১০টি আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

অন্য জামিন প্রার্থীরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির  রিজভী,  আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মো. শাজাহান,  ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।

গত ৭ এপ্রিল এই পাঁচ বিএনপি নেতা ও এক জাগপা নেতা জামিন আবেদন করেন হাই কোর্টে। পরদিনই আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকায় আসলেও হরতালের কারণে শুনানি হয়নি।

আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল, আইনজীবী সগির হোসেন লিওন ও তাসমিয়া প্রধান এই আবেদনগুলো দায়ের করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২৪ মার্চ এই ৬ নেতাসহ মোট ১৪৮ জনের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ, যার উপর আগামী ১৭ এপ্রিল বিচারিক আদালতে শুনানির দিন রয়েছে।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।

বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে মামলায় হুকুমের আসামি করা হয়।

আইন-শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় জমা দেয়া অভিযোগপত্রে বলা হয়- ছয় হুকুমের আসামি ওইদিন বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে মাইকের মাধ্যমে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য কর্মীদের উত্তেজিত করে তোলেন। এর ফলে দলীয় কর্মীরা ওই এলাকায় ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তারা জনসাধারণের চলাচলের রাস্তায় টায়ার, চট, কাঠ ও কাগজ দিয়ে সাতটি জায়গায় আগুন দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া সরকারি বেসরকারি কার্যালয়ে হামলা চালিয়ে ক্ষতি করে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

আদালত এ দুই মামলায় রিজভী, আমান ও ফারুককে কারাগারে এবং বাকি ১৫১ জনকে ইতোমধ্যে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। 

দ্রুত বিচার আইনের মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী গত ২০ মার্চ ১৫১ আসামিকে তিন দিন এবং বিস্ফোরণের মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।

তদন্তে ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ততা’ না পাওয়ায়, মামলার ১৫৪ আসামির মধ্যে ছয় জনের নাম বাদ দেয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ৪২ জনকে।

যে ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে তারা হলেন- মো. সোবহান, মো. জুনায়েদ ওসমান, মো. শাকিল, সোহেল রানা, মাহাবুবুর রহমান ও হাজী মো. নাঈম আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ.