নারায়ণগঞ্জে ৮০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ভূঁইগড় এলাকায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান।
ওসি আকতার বলেন, ভোরে ভূঁইগড় এলাকায় টহলরত পুলিশ দেখে একটি প্রাইভেটকার দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পথরোধ করা হলে গাড়িতে থাকা অন্য দুজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় রবিনকে আটক করা হয়।
গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টুন ও তিনটি ট্রাভেল ব্যাগ থেকে মোট ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
