কর্মী পাঠাতে প্রতারণায় ৭ বছরের জেল
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের ঘটনায় সর্বাচ্চ সাত বছরের সাজার বিধান রেখে আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ আইন পাস হলে রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার কর্মীরা আদালতে মামলা করতে পারবেন। ছয় মাসের মধ্যে এ মামলা নিস্পত্তির কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মর্তুজা আহমদ সাংবাদিকদের বলেন, “রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে ভিসা জালিয়াতি, জবরদস্তি, মিথ্যা আশ্বাস, পাসপোর্ট ও ভিসা আটকে রাখাসহ সব ধরনের প্রতারণার অভিযোগ দ্রুত বিচারের জন্য প্রস্তাব করা হয়েছে এ আইনে।”
তিনি জানান, অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ব্যবহারের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ আদায়েরও সুযোগ রাখা হয়েছে খসড়ায়।
বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশের মাধ্যমে। বিভিন্ন মানবাধিকার সংগঠন আইনটি যুগোপযোগী করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল।
অতিরিক্ত সচিব জানান, রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে যে কোনো মামলায় অভিযোগ গঠনের ৪ মাসের মধ্যে তা নিষ্পত্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। তবে প্রয়োজনে আরো দুই মাস সময় বাড়ানো যাবে।
বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও রিক্রিটিং এজিন্সেগুলোর জবাবদিতিহতাও এ আইনের মাধ্যমে নিশ্চিত করা যাবে বলে উল্লেখ করেন মর্তুজা আহমদ।
প্রস্তাবিত আইনে ৬১টি ধারা ও ৭টি অধ্যায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ভিসা জালিয়াতি ও জনশক্তি রপ্তানিতে অসাধু প্রতিযোগিতার জন্য ৭ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা এবং পাসপোর্ট ও ভিসা আটকে রাখার জন্য ৫ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রতারণা, জবরদস্তি ও মিথ্যা আশ্বাসের জন্য ৫ বছর কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানাসহ রিক্রটিং এজেন্সিগুলোর অন্যান্য অনিয়মের জন্য বিভিন্ন মাত্রার শাস্তির বিধান রাখা হয়েছে খসড়ায়।
মর্তুজা আহমদ বলেন, ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশে ১০ হাজার টাকার বেশি জরিমানা করা যেত না। প্রস্তাবিত আইনে জরিমানার বিধান সুনির্দিষ্ট করা হয়েছে।
আইনটি চূড়ান্ত অনুমোদনের সময় শাস্তির মেয়াদ ও জরিমানা বাড়তে বা কমতে পারে বলেও অতিরিক্ত সচিব জানান।
বিদেশে কর্মরত কোনো শ্রমিক বেতন বা সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রতারিত হলে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে কিনা জানতে চাইলে অতিরিক্ত সচিব জানান, প্রস্তাবিত আইন কেবল বাংলাদেশের জন্য প্রযোজ্য।
বাংলা একাডেমী আইন
সোমবারের বৈঠকে বাংলা একাডেমী আইন ২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অতিরিক্ত সচিব জানান, গত ৩১ ডিসেম্বর এ আইনের খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল।
নীতিগত অনুমোদনের পর জানানো হয়েছিল, এ আইনের মাধ্যমে ভাষার প্রমিত ব্যবহারে ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে।
এ আইন পাস হলে বিদেশি লেখক ও গবেষকদের আমন্ত্রণ জানানো, বাংলা একাডেমিতে চেয়ার প্রতিষ্ঠা, প্রয়োজনের বিভিন্ন কেন্দ্র ও ইনস্টিউশন স্থাপন করা, একাডেমির প্রেস ও লাইব্রেরির আধুনিকায়ন ক্ষমতা পাবে একাডেমী কর্তৃপক্ষ।
এ আইন কার্যকর হওয়ার পর বাংলা একাডেমী আন্তঃজার্তিক পুরস্কার দিতে পারবে এবং বাংলা একাডেমীর প্রশাসনিক পুনর্বিন্যাস করা যাবে।
