রাজশাহীতে হরতাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
আইন করে হরতাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠন।
সোমবার রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের মধ্যেই সাহেবাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে হরতালে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক হারুন অর রশিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামায়াত খান, ফুটপাত ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী প্রমুখ।
রাজশাহী শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে ‘তুলে নিয়ে’ যাওয়ার অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সংগঠনটি।
