গোপালগঞ্জের ২ রুটে বাস ধর্মঘট
হিউম্যান হলার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের জের ধরে গোপালগঞ্জের দুটি রুটে ধর্মঘটে গেছেন বাস শ্রমিকরা।
সোমবারের মধ্যে ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করা না হলে পরদিন ঢাকা- খুলনা সড়ক অবরোধেরও হুমকি দিয়েছে গোপালগঞ্জ বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
ওই ঘটনায় আহত বাস শ্রমিক সাঈদ ও লেবুকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাঈদুর রহমান বাসু জানান, রোববার সকাল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়ার নতুন বাজার এলাকায় বাস ও হিউম্যান হলারে (মাহেন্দ্র) যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৪টি লোকাল বাসে ভাংচুর এবং চার চালককে মারপিট করে মাহেন্দ্র গাড়ির শ্রমিকরা।
এ ঘটনার জের ধরে বাস শ্রমিকরা ওই সড়কের ঘোনাপাড়া মোড়ে মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যা থেকে বাস মালিক ও শ্রমিকরা ওই দুই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
