২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন হবে না’

চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বিবিসি সংলাপের আলোচকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 06:59 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা আয়োজিত সংলাপে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, লেখক ফরহাদ মজহার ও তথ্য কমিশনার সাদেকা হালিম অংশ নেন।

দেশের চলমান অস্থিরতায় বিদেশি হস্তক্ষেপ দরকার হবে কী- সংলাপে দর্শক সারি থেকে অর্পিতা হক নামে একজনের প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, “রাজনৈতিক সংকটের সমাধান আমরা সব সময় নিজেরাই করেছি। এবারও আমরাই করতে পারবো।”

একই অবস্থান তুলে ধরে রফিকুল ইসলাম মিয়া বলেন, “পৃথিবীর যে কোনো পরিবর্তন, উন্নয়ন যা কিছু হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। এবারও তারাই করবে।”

নিজেদের পক্ষেই সমাধান সম্ভব মন্তব্য করে সাদেকা হালিম বলেন, “আমার মনে হয় বিদেশি হস্তক্ষেপের দরকার হবে না।”

তবে ফরহাদ মজহার বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব লুটেরা। তারা এই সমস্যার সমাধান করতে পারবে না।“পারলে আমরা নাগরিকরাই পারবো।”

সংলাপে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার নিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, “তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা খুবই দুঃখজনক। কর্তব্যরত অবস্থায়, তার কর্মচারীদের দৈহিকভাবে নির্যাতন করে দরজা ভেঙে তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো পাকিস্তানি আমলেও তা হয়নি।”

তিনি বলেন, “ভিন্নমত প্রকাশ করা সাংবিধানিক অধিকার। মাহমুদুর রহমান সে অধিকারটুকু প্রয়োগ করেছে বলেই তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিষয়ে এইচটি ইমাম বলেন, “মাহমুদুর রহমান সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিয়েছেন। স্বাধীনতার ৪২ বছর পর জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। স্বাধীনতা দিবসের সময় গাড়ি পোড়ানো হয়েছে সবগুলো ঘটনাগুলোর সঙ্গে মাহমুদুর রহমান জড়িত।”

সরকারের দুর্নীতি প্রকাশ করায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরহাদ মজহারের বক্তব্য প্রত্যাখ্যান করে সাবেক সরকারি কর্মকর্তা এইচটি ইমাম বলেন, “বর্তমানে ঢাকায় ৩৩২টি পত্রিকা আছে যার সবগুলো সরকারের সমালোচনা করছে। কিন্তু কারো বিরুদ্ধে মামলা বা হামলা হয়নি।”

এছাড়া সংলাপে হেফাজত ইসলামীর ১৩ দফা দাবি নিয়ে যে নতুন যে সংকট তৈরি হয়েছে তা নিরসন করতে হেফাজত ইসলামীর নেতাদের সঙ্গে সংলাপের বসার পরামর্শ দেন প্যানেল আলোচক ও দর্শকরা।

পুরো সংলাপটি সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।