মাহমুদুরের মুক্তি দাবি ঢাবি শিক্ষকদের
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের শিক্ষকরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “সরকার অগণতান্ত্রিক ও নিষ্ঠুর আচরণ শুরু করেছে। বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের ডাণ্ডাবেড়ি পড়িয়ে কারাগারে পাঠিয়েছে।
“আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ১৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ ধরনের দমন-নিপীড়নের ইতিহাস পৃথিবীর অন্য কোথাও নেই।”
সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, “সরকার বিরোধী দলের ওপর নানাভাবে নির্যাতন-নিপীড়ন করছে। তার সর্বশেষ শিকার মাহমুদুর রহমান।”
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসতেও সরকারকে আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমদের সঞ্চালনায় সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক রাশিদুল হাসানসহ সাদা দলের শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন।
