২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে তঞ্চঙ্গ্যাদের ‘বিষু’ উদযাপন

ঐতিহ্যবাহী ঘিলাখেলার মধ্য দিয়ে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী তঞ্চঙ্গ্যা তাদের সর্ববৃহৎ সামাজিক উৎসব ‘বিষু’ উদযাপন করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার বিকাল চারটায় বান্দরবান রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘিলাখেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

অারো উপস্থিত ছিলেন, মায়ানমারের রাষ্ট্রদূত উ ম্যো ম্যা সাইন, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল ও তঞ্চঙ্গ্যা প্রতিনিধিরা।

প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন,  সরকার ক্ষুদ্র-ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে।বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। বান্দরবানের সম্প্রীতির ঐতিহ্য অত্যন্ত দৃঢ়।

“আমাদের পার্শ্ববর্তী বন্ধুপ্রতীম দেশ মায়ানমার। মায়ানমারের সঙ্গে বন্ধুত্ব ও বাণিজ্য বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।

তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানোর মধ্য দিয়ে  ব্যর্থতা, গ্লানি ও দুঃখ-বেদনাকে মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

আর এই উৎসবে ঘিলাখেলা অনুষ্ঠানে অতিথিদের একটি করে ঘিলা উপহার দেয়া হয়। তঞ্চঙ্গ্যাদের বিশ্বাস, অভ্যাগত অতিথিদের নতুন বছরের অপদেবতা ও অপশক্তি প্রতিরোধের সক্ষমতা দেবে এই ঘিলা।

পরে ছিল মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা ও ঘিলাখেলা প্রতিযোগিতা। জেলার বিভিন্ন এলাকা থেকে ২৭টি দল এই খেলায় অংশ নেয়।

এদিকে শনিবার সকাল সাড়ে  ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মারমাদের তিন দিনব্যাপী সাংগ্রাইং উৎসব শুরু হচ্ছে।বান্দরবান রাজার মাঠ থেকে এই শোভাযাত্রা বের হবে।

বৃদ্ধদের পূজা, চিত্রাংকন প্রতিযোগিতা, পিঠা তৈরী উৎসব, মৈত্রী পানি বর্ষণের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে সাংগ্রাইং উৎসব।

মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে তরুণ-তরুণীরা দূর করবে পুরনো বছরের পাপ, তাপ আর দুঃখ-বেদনা। নতুন বছরকে স্বাগত জানানোর মাধ্যমে জগতে সকল প্রাণীর সুখ-শান্তি কামনা করা হবে।