গাজীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পারিবারিক কলহের জেরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় শুক্রবার বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। হত্যার পর লাশ বস্তায় ভরে পালিয়ে গেছে ছোট ভাই রায়হান ।
নিহত মো. জহিরুল ইসলাম (২৫) কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান মুসল্লীপাড়া এলাকার মো. ইউছুফ আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, জহিরুল ইসলাম শুক্রবার বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় তার ছোট ভাই রায়হান মিয়া কাঠের একটি টুকরা দিয়ে পেছন থেকে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর রায়হান দা দিয়ে তার মাথায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জহিরুলের মৃত্যু হয়।
পরে রায়হান একটি বস্তায় বড় ভাইয়ের লাশ ভরে বাড়ির পাশে পরিত্যক্ত একটি টয়লেটের গর্তে ফেলে খড় দিয়ে ঢেকে রাখার সময় মা জমিরন নেছা তা দেখে ফেলেন। এ সময়ে রায়হান দৌড়ে পালিয়ে যায়। পরে মা রক্তাক্ত বস্তায় বড় ছেলেকে দেখে চিৎকার দেন।
এসময় আশপাশের লোকজন জহিরুলকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জহিরুলের স্ত্রীর নাম ফাহিমা বেগম। তাদের ফাহিম নামের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরেই জহিরুল খুন হন।
