২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজভূমে চিরবিদায় বিপ্লবী বিনোদ বিহারীকে

নিজভূমে সশ্রদ্ধ স্মরণে চিরবিদায় জানানো হলো বিনোদ বিহারী চৌধুরীকে। শেষ ইচ্ছে অনুযায়ী চট্টগ্রামের এই চিরবিপ্লবীর শেষকৃত্য হয়েছে বলুয়ার দীঘি অভয়মিত্র শ্মশানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

শুক্রবার রাতে শ্মশানে বিনোদ বিহারীর মরদেহ নেয়ার পর মুখাগ্নি করেন তার পৌত্র সোম শুভ্র চৌধুরী। শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হয় রাত ১১টার দিকে।

এর আগে এই বিপ্লবীর মরদেহ নেয়া হয় চট্টগ্রাম শহীদ মিনারে, যেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানোর পর হেলিকপ্টারে করে তার কফিন নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। বন্দর নগরীতেই ছাত্রাবস্থায় ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ার মাধ্যমে বিপ্লবী জীবনের সূচনা তার।

বিনোদ বিহারীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, বিকেল ৫টা ৪০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে চট্টগ্রাম বিকেএসপি মাঠে নামে কফিনবাহী হেলিকপ্টারটি।

এ সময় সাথে ছিলেন তাঁর পুত্রবধূ উপালী চৌধুরী ও পৌত্র সোম শুভ্র চৌধুরী, রানা দাশ গুপ্ত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। 

হেলিকপ্টার থেকে কফিন নামানোর পর চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।

সেখান থেকে মরদেহ নেয়া হয় জেএমসেন হলে, সেখানে মাস্টারদার সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যের পাদদেশে বিনোদ বিহারীর কফিন রাখা হয় শ্রদ্ধা জানানোর জন্য।

সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান শিল্প মন্ত্রী দিলীপ বডুয়া, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সাবেক গণ পরিষদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ইসহাক মিয়া, সাবেক বাণিজ্য মন্ত্রী ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, জেএসএস নেতা ঊষাতন তালুকদার, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কাস পার্টি, বাসদ, গণ ফোরাম, পাহাড়ি সংগঠন ইউপিডিএফ, হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ, খেলাঘর, হিন্দু মহাজোট, বাংলাদেশ মহিলা পরিষদ, একে খান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ও কবি ও সাংবাদিক আবুল মোমেন শতবর্ষী এ বিপ্লবীর স্মৃতিচারণ করেন।  

এরপর চট্টগ্রাম শহীদ মিনারে নেয়া হয় বিপ্লবীর মরদেহ যেথানে তার  প্রতি শেষ শ্রদ্ধা জানায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

সেখানে তাকে শেষবারের মত শ্রদ্ধা জানান পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, ডা. একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, উদীচী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, বোধন, প্রমা,  চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দক্ষিণ সারোয়াতলী ভবানীভবন মাতৃমন্দিরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মেছিলেন বিনোদ বিহারী চৌধুরী। চট্টগ্রামেই বিট্রিশবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবী জীবন শুরু করেন তিনি। পরে এ আন্দোলনে তিনি ছিলেন মাস্টারদা সূর্যসেনের  সঙ্গী হন তিনি।

১৯৩০ সালে চট্টগ্রাম যুব বিদ্রোহের সময়কালে ১৮ এপ্রিল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের অস্ত্রাগার লুট করে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন সূর্যসেন ও তার সহযোগীরা।

১৯৩৯ সালে বিনোদ চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে দলের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন। ১৯৪০ থেকে ১৯৪৬ পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী কমিটির সদস্য এবং ১৯৪৬ এ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দেশ ভাগ ও একাত্তরের স্বাধীনতা পর নানা সাম্প্রদায়িক দাঙ্গাসহ নানা কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই দেশ ছাড়লেও বিনোদ চৌধুরীকে টলাতে পারেনি কোনো কিছুই।

নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও তিনি টিকে ছিলেন এই স্বদেশের প্রতি মমত্ববোধ, প্রগাঢ়  ভালোবাসা এবং দেশের প্রতি নিবেদিত প্রতিশ্রুতির কারণে।

১৯৬৮ সালে তার দুই ছেলে অন্যান্য সদস্যদের সঙ্গে কলকাতায় গিয়ে স্থায়ী হলেও তিনি দেশের মায়া ছাড়তে পারেননি বলে স্ত্রীকে নিয়ে থেকে যান বন্দর নগরীর মোমিন রোডের বাসাতে।