সমঝোতার বিকল্প নেই: টিআইবি
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সমঝোতায় আসার পরামর্শ দিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি।
সংস্থাটি বলছে, দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ‘সাংঘর্ষিক’ রাজনৈতিক পরিস্থিতি এড়াতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান টিআইবির সাবেক ও বর্তমান চেয়ারম্যান, যেই দু’জনই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এ সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকার গঠনের একটি রূপরেখা প্রস্তাব করে টিআইবি।
দুর্নীতিবিরোধী এ সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান বলেন, “আমি নিজে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলাম। সবকিছু মিলে আমার বদ্ধমূল ধারণা কোনো দলীয় সরকারের অধীনেই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা আমার ক্লিয়ারকাট কথা।”
কীভাবে আগামী নির্বাচন হবে তা নিয়ে ‘সমঝোতায়’ ইতিবাচক মনোভাব দরকার বলেও মন্তব্য করেন তিনি।
হাফিজউদ্দিন খান বলেন, “ইতিবাচক মনোভাব থাকলে ফর্মুলা বের করা অসম্ভব নয়। পাকিস্তানও সমঝোতা করে ফর্মুলা বের করতে পেরেছে।”
টিআইবির এই সাবেক চেয়ারম্যান বলেন, “শর্ত জুড়ে দিলে তো হবে না। ঝগড়া করলে কোনো কাজ হবে না। উদ্দেশ্য হবে গ্রহণযোগ্য নির্বাচন করা, তাহলেই সমঝোতা সম্ভব।”
বিরোধী দলের সবাইকে গ্রেপ্তার করা হলে সমঝোতার প্রশ্ন ‘সুদূর পরাহত’ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান দুই দলের মধ্যে ‘ক্ষমতার দ্বন্দ্ব’ শুরু হয়েছে মন্তব্য করে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নাগরিক হিসাবে সবাই উদ্বিগ্ন। সবকিছুর কেন্দ্রবিন্দুতেই নির্বাচন।
“আমরা চাই এক নির্বাচিত সরকার আরেক নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুক।”
দুই দলের মধ্যে দ্বান্দ্বিক পরিবেশ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “নয় বছর স্বৈরতন্ত্র চালানো এরশাদের কাছ থেকে এখন গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে।”
আওয়ামী লীগ-বিএনপি যদি মনে করে আলোচনার প্রয়োজন তাহলে অন্য কাউকেউ এ বিষয়ে উদ্যোগ নিতে হবে না বলেও মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।
প্রধান দুই দলের অঘোষিত ‘যুদ্ধাবস্থার’ জন্য সবাই স্তব্ধ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
টিআইবি চোয়ারপার্সন সুলতানা কামাল বলেন, দেশে যখন অগণতান্ত্রিক আবহ তৈরি হয় সবাই তখন মরিয়া হয়ে উঠে অগণতান্ত্রিক আচরণ করার জন্য। গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে তা বাধা হয়ে দাঁড়ায়।
“আমার বিশ্বাস দুটো বড় চলই নির্বাচন চাইবে। কারণ নির্বাচন ছাড়া তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না। নির্বাচন করার জন্য সমঝোতাটাও তারাই করবেন। তাইতো এখনো শোনা যায়- আলোচনার পথ রুদ্ধ হয়নি।”
তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক উপদেষ্টা বলেন, “দুই নেত্রীর মধ্যে নববর্ষের শুভেচ্ছা বিনিয়ন আমাদের একটুখানি আশা জাগায়।
“আমাদের দায়-দায়িত্ব আছে। জনগণের পক্ষ থেকে তাদের বাধ্য করতে হবে। দিনের পর দিন সংঘাত-সংঘর্ষ চালিয়ে তারা আমাদের জীবনে বিপর্য় ডেকে আনছে।”
সুলতানা কামাল বলেন, “প্রচণ্ড সাংঘর্ষিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তার নানা মাত্রা, নানা রূপ দেখতে পাচ্ছি। ঘুরে ফিরে একটা কথা চলে আসে নির্বাচন সংক্রান্ত জায়গায় একটা স্থিতিশীলতা আসতে পারত, বিশেষ করে যারা নির্বাচন করবেন তাদের মনের মধ্যে। কিন্তু এটা ভাবনাই থেকে যাচ্ছে। এ কারণে সংঘর্ষ প্রকট রূপ নিয়েছে।”
নির্বাচনের ব্যপারে সমঝোতায় পৌঁছানো গেলে এসব সংঘাত কমে যাবে বলেও মনে করেন তিনি।
সুলতানা বলেন, “রাজনৈতিক দলগুলো যে আচরণ করছে তাদের মধ্যে দিশেহারা ভাব লক্ষ করা যাচ্ছে। তারা সুচিন্তিত কোনো পদক্ষেপ নিয়ে কাজ করছে তার পরিচয়ও সব জায়গায় পাচ্ছি না। অস্পষ্টতা-অস্বচ্ছতা রয়ে গেছে।”
