সিলেটে হেফাজতের সমাবেশ শনিবার
সিলেটে হেফাজতে ইসলামের শনিবার মহাসমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে।
হেফাজতে ইসলাম সিলেট এর প্রচার উপকমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম হাসান জানান, শনিবার নগরীর সিটি পয়েন্টে মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়।
গত শনিবার লং মার্চের পর ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে ১১ এপ্রিল সিলেটে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এদিন ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালের কারণে সমাবেশ স্থগিত করা হয়।
তাজুল ইসলাম হাসান জানান,মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
হেফাজতে ইসলামের নেতারা জানান, মহাসমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন লিফলেট বিতরণ ও মাইকিং চলছে।
মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার বাদ জুমা নগরীতে বিক্ষোভ মিছিল ও কোর্ট পয়েন্টে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রেজাউল করিম।
তিনি জানান, নগরীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। জনসভাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
