ফুল ভাসিয়ে উৎসব শুরু পাহাড়ে
নতুন বছরকে স্বাগত জানাতে নদীতে ফুল ভাসিয়ে পাহাড়জুড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নৃ-গোষ্ঠীর উৎসব।
শুক্রবার ভোরে চাকমা রীতিতে চেঙ্গী,ফেনী ও মাইনী নদীতে ফুল ভাসিয়ে অর্থাৎ, ফুলবিজু দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এভাবেই বিদায়ী বছরের গ্লানি মুছে জানানো হয় নতুনের আবাহন।
চাকমারা চৈত্রের শেষ দিনে পালন করবে মূল বিজু আর গজ্জাপয্যা উৎসব। ধর্মীয় নানা আচারের মাঝেই ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন।
এরপর রোববার মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি বা সংগ্রাইয়ে মেতে উঠবে পাহাড়ি জনপদ। ত্রিপুরাদের হাড়িবৈসু, বিযুমা ও বিসি কাতাল উৎসবও এদিনই।
তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং, লুসাই, পাংখোয়া, ম্রো, খুমি, আসাম, চাক ও রাখাইনসহ ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও তাদের বৈচিত্রময় সংস্কৃতি নিয়ে চৈত্রের শেষ দিন থেকে উৎসবে মিলবে।
বাংলা বর্ষের শেষ দুদিন এবং নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করে পাহাড়িরা।
ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসু, মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই এবং চাকমাদের উৎসব বিজু নামে পরিচিত। এই তিন সম্প্রদায়ের উৎসবের নাম মিলিয়ে পাহাড়ের বর্ষবরণ উৎসব সমতলবাসীর কাছে পরিচিত ‘বৈ-সা-বি’ নামে।
পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় এই উৎসবে শামিল হতে প্রতিবছর সমতল থেকেও ছুটে আসেন পর্যটকরা।
উৎসব ঘিরে প্রতিটি পাহাড়ি ঘরে তৈরি হয় রকমারি খাবার। মাকুতে বোনা হয় নতুন কাপড়।খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণেও উৎসবের তিনদিন নানা অনুষ্ঠান চলে।
