২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের নিরাপত্তা হেফাজতের আবেদন মঞ্জুর

একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলীমকে রাষ্ট্রীয় নিরাপত্তা হেফাজতে নিতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

আলীমকে বাড়ি থেকে ট্রাইব্যুনালে আনা ও নেয়ায় পুলিশ মোতায়েনের জন্য ডিএমপিকে ব্যবস্থা করতে বলেছে ট্রাইব্যুনাল।

একইসঙ্গে তার বাড়ির নিরাপত্তার জন্য বাড়িটি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখার নির্দেশও দেয়া হয়েছে।

এরপর আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের ১৫তম সাক্ষী মোজাম্মেল হোসেনের জেরা শেষে মামলার কার্যক্রম ১৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল।

১০ এপ্রিল প্রসিকিউটর রানা দাশগুপ্ত আব্দুল আলীমের নিরাপত্তা হেফাজত চেয়ে আবেদন করেন।

শুনানিতে রানা দাশগুপ্ত বলেন, হেফাজতে ইসলামের আন্দোলনের সুযোগে জামায়াত-শিবিরের একটি চক্র আব্দুল আলীমকে হত্যা করতে পারে এমন আশঙ্কায় প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের মধ্যে একমাত্র আলীম শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।

গত বছরের ১১ জুন আব্দুল আলীমের বিরুদ্ধে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ১৭টি ঘটনা আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়। ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধে আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন দল।

২৭ মার্চ আলীমের বিরুদ্ধে ২৮টি অভিযোগের মধ্যে ১৭টি আমলে নিয়ে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

পরে ১৬ এপ্রিল আলীমের মামলাসহ তিনটি মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ একলাখ টাকার মুচলেকা নিয়ে তার ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। এরপর কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়।

আব্দুল আলীম আছেন তার ছেলে ফয়সারের  বাড়িতে, যিনি মোবাইল কনটেন্ট প্রোভাইডার উইনটেলের এর মালিক।