কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপনের শেষ সময় সোমবার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করতে হবে আগামী সোমবার।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই সময় বেঁধে দেয়।
বিচারক বলেন, “সোমবার লাস্ট, লাস্ট ও লাস্ট টাইম। সোমবারই আর্গুমেন্ট শেষ করতে হবে। আমরা আর এক দিনও সময় দিতে পারব না।”
হরতাল সংক্রান্ত কারণ না দেখাতে আসামি পক্ষের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা নিতে বলেছে আদালত।
গত ৯ এপ্রিল সময়ের আবেদন গ্রহণ করে ১১ এপ্রিলের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে আসামি পক্ষের আইনজীবীদের বলেছিল ট্রাইব্যুনাল। তা না হলে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছিল।
কিন্তু বৃহস্পতিবার আবারো কামারুজ্জামানের আইনজীবীরা ফের আবেদন করলে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।
আইনজীবীদের প্রতি আদালতের উষ্মা প্রকাশের এক পর্যায়ে কাঠগড়া থেকে কামারুজ্জামান বলেন, “আমি তো নিয়মিত হাজিরা দিচ্ছি। আইনজীবীদের বিষয়টি আমার আয়ত্তের বাইরে।”
জামায়াত নেতা এক দিন সময় চাইলে বিচারক বলেন, “আমরা ১ দিন ১ সেশন সময় দিলাম আপনার অনুরোধে।”
কামারুজ্জামানের মামলাটির বিচারিক প্রক্রিয়া বর্তমানে শেষ ধাপে রয়েছে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্কের জবাবে প্রয়োজনে পাল্টা যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন। এরপর রায়ের তারিখ ঘোষণা হবে।
কামারুজ্জামানের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
