২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হরতালে সংঘর্ষ, ভাংচুর

বিক্ষিপ্ত সংঘর্ষ, সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুরের মধ্যদিয়ে সাতক্ষীরায় শিবিরের ডাকা হরতাল শেষ হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর এবং সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কগুলোতে গাছের গুড়ি ফেলে অবরোধ করে হরতাল সমর্থকরা। এ সময় কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা।

সদর থানার ওসি আমান উল্লাহ আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চলাকালে সদর উপজেলায় শিবিরকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে তিনজন আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরো জানান, দুপুরে সড়ক থেকে কাঠের গুড়ি সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হরতালে জেলা সদর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ভোমরা স্থলবন্দরে আমাদানি-রপ্তানি ছিল স্বাভাবিক।