২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জানি, সব ওপরের নির্দেশে’

আদালতে দাঁড়িয়ে মাহমুদুর রহমান বলেছেন, তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার বিষয়টি ‘পূর্বপরিকল্পিত’।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 01:25 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

মাহমুদুর ১৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর বিকালে ঢাকার আদালতে নেয়া হয় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে।

তাকে তিনটি মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলামের আদালতে জানায় পুলিশ।

ওই আবেদনের শুনানিতে কাঠগড়ায় দাঁড়ানো মাহমুদুর বিচারকের উদ্দেশে বলেন, “আমি জানি, ওপরের নির্দেশে  আমাকে এসব মামলায় জামিন দেয়া হবে না, নেয়া হবে রিমান্ডে।”

“আপনি ওপরের নির্দেশ ছাড়া কিছুই করতে পারবেন না,” বিচারকের উদ্দেশে বলেন আদালত অবমাননার দায়ে ইতোপূর্বে সাজাপ্রাপ্ত এই সম্পাদক।

মাহমুদুর রহমান একথা বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার প্রতিবাদ জানান।

তারা বলেন, মাহমুদুর এ সব অবমাননাকর কথা বলে কুরুচির পরিচয় দিচ্ছেন।

বিগত বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আইনজীবীরা জামিনের আবেদনে তার স্বাক্ষর চাইলে তিনি বলেন, তিনি নিজেই শুনানি করবেন।

“আমি বোকা নই, আমি ওকালতনামা দেব না।”

এর আগে স্কাইপে সংলাপ সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ ও তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে করা মামলার রিমান্ড আবেদনটি আদালতের সামনে পড়েন আদালতের পিপি আবদুল্লাহ আবু। এর পর মাহমুদুর নিজেই শুনানি শুরু করেন।

শুরুতেই তিনি পিপিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি মিথ্যা কথা বলছেন।”

সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে ‘রাজাকার’, ‘রাজাকার’ শোর তুলে তার কথা থামিয়ে দেন।

তখন হাকিম সহিদুল ইসলাম  সবার উদ্দেশে বলেন, “আমরা এখানে কেউ মূর্খ লোকজন আসিনি। সবার একটা লেভেল আছে। এখানে সবাইকে ভালো ও গ্রহণযোগ্য ভাষায় কথা বলতে হবে।”

হৈ চৈ থেমে গেলে মাহমুদুর বলেন, স্কাইপে সংলাপ প্রথম প্রকাশ করেছে বিখ্যাত পত্রিকা ইকোনমিস্ট।

“আমরা শুধু আমার দেশে সেই বিষয়টি  ‘কোট-আনকোট’ প্রকাশ করেছি মাত্র।এটা করে আমি কোনো অপরাধ করিনি।”

মাহমুদুরের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন লেখা হলেও আইনজীবীরা শুনানির সময় তা আদালতের সামনে দাখিল করেননি।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করা ও রাষ্ট্রদ্রোহের মামলা; ১৭ ও ২৬ মার্চে গাড়ি ভাংচুর এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা করা দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি হয়।

আদালত তিন মামলায় মাহমুদুরকে ১৩ দিন রিমান্ডের আদেশ দেয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় সকালে দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুরকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছরের ১৪ ডিসেম্বর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহিদুর রহমানের করা স্কাইপে কথোপকথন প্রকাশসংক্রান্ত মামলায় ১০ দিনের রিমান্ড চান গোয়েন্দা পুলিশের এসআই শাহানুর আলম। এ মামলায় বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রদ্রোহের অভিযোগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারায় উস্কানির অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা অন্য দুটি মামলায় মাহমুদুরকে সাত দিন করে রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা এসআই সাদিকুল ও হারুন আর রশিদ সাত দিন করে রিমান্ড চান। বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।