হিজলায় ৮ ‘জলদস্যু’ গ্রেপ্তার
বরিশালের হিজলা উপজেলা থেকে আট ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ধুলখোলা এলাকায় মেঘনা নদী থেকে এদের আটক করা হয়।
এরা হলেন- উপজেলার চরদুর্গাপুর এলাকার আব্দুল বারেক সরদার, নাছিরউদ্দিন হাওলাদার, মনির হোসেন, মাসুদ দালাল, সাইফুল, বিল্লাল সরদার, শ্রীপুর এলাকার আমির হোসেন ও বরজালিয়া এলাকার আল আমিন।
হিজলা থানার ওসি শওকত হোসেন আনোয়ার জানান, কয়েকজন ব্যবসায়ী বুধবার রাতে নৌকায় করে তরমুজ নিয়ে চাঁদপুরের যাচ্ছিলেন। নৌকাটি ধুলখোলা এলাকায় আসলে জলদস্যুরা তাদের কাছে তরমুজ ও মোটা অংকের টাকা দাবি করে।
ব্যবসায়ীরা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে জলদস্যুরা তাদের মারধর শুরু করে। এ সময় ব্যবসায়ীদের চিৎকারে জেলেরা ছুটে এসে জলদস্যুদের আটক করে পুলিশে দেয়।
ব্যবসায়ী জাফর মীর বাদী হয়ে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. শওকত হোসেন আনোয়ার।
