২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোনাপানি তুলতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় ক্ষেতে লবন পানি তুলতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষকের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার সকালে উপজেলার মাগুরখালি ইউনিয়নের শ্যামনগর বিলে স্লুইজগেটের কপাট ভেঙ্গে লবণ পানি তুলতে বাধা দেওয়ার সময় প্রতিপক্ষ পিটিয়ে আহত করে কৃষক স্বপন ঢালী (৩৫)সহ তিনজনকে।

গুরুতর আহত অবস্থায় বুধবার রাত দেড়টায় ঢাকায় আনার পথে স্বপন ঢালী মারা যান বলে জানান ডুমুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুব্রত রায়।

তিনি সাংবাদিকদের জানান, লোনা পানি তুলতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত প্রশান্ত ঢালী (৫০) ও লাল্টু বাছাড় (৩৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বপনের মৃত্যুর ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান এএসআই সুব্রত।

পুলিশ ও মাগুরখালি ইউনিয়ন পরিষদের সদস্য অঞ্জন ম-ল সাংবাদিকদের জানান, এলাকাবাসী এ বছর শ্যামনগর বিলে লোনা পানির তুলে চিংড়ি চাষ না করার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু বুধবার সকাল ১১টায় শতাধিক লোক লাঠিসোটা নিয়ে ট্রলারে করে এসে শ্যামনগর স্লুইজ গেটের কপাট ভেঙ্গে লোনা পানি তুলতে থাকে।

এ সময় এলাকার স্বপন, প্রশান্ত ও লাল্টু এর প্রতিবাদ করে। তখন প্রতিপক্ষ তাদেরকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।