আ.লীগের মিছিলে হেফাজত-জামায়াতের হামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলা করে পনেরটি মোটরসাইকেল ও দুটি জিপ পুড়িয়ে দিয়েছে হেফাজতে ইসলাম ও জামায়াতের কর্মীরা।
হামলায় পুলিশসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মী হামলার শিকার হয়েছেন। তারা দমকলের একটি গাড়িও ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুজপুর থানা এলাকায় ১৪৪ জারি করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের এএসপি আফম নিজাম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ফটিকছড়ি থানার আজাদী বাজার থেকে আওয়ামী লীগনেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের হয়।
মিছিলটি ভুজপুর থানা সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কাজীর হাট বড় মাদ্রাসার মসজিদের মাইকে ঘোষণা করা হয় যে, সন্ত্রাসীরা মাদ্রাসায় হামলা করতে এসেছে।
ঘোষণার পরপর মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জামায়াত কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর ইট নিক্ষেপ শুরু করে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় তিনিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান আফম নিজাম উদ্দিন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন দেয়া হয়। এতে তিনজন ফায়ারকর্মীও আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরা হলেন, জানে আলম মেম্বার (৩৫), বদিউর রহমান (৪৫), মোহাম্মদ বাবর (২২), আবুল কাশেম (৩৫), মনসুর উদ্দিন বাবুল (১৮), আক্তার মেম্বার (৩৪), মো. হান্নান (২১), জাফর আহমদ চৌধুরী (৩৫), মো. সরওয়ার (৩৪) , মো. সাহাবুদ্দিন (৩২), মো. সেলিম (২২), মো. আলাউদ্দিন (২৫), মাহমুদুল হক চেয়ারম্যান (৪৫), জসিম উদ্দিন (২৫), মো. রুবেল (৩০) ও জাহেদ উল্লাহ (২৮)।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. বাশার জানান, এদের মধ্যে বাবরের অবস্থা আশঙ্কাজনক।
ফটিকছড়ি থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজীরহাটে ১৪৪ জারি করা হয়েছে। এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
