২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংগামী নারী শ্রমিকদের প্রথম ফ্লাইট এ মাসেই

চলতি মাসের শেষ সপ্তাহেই নারী শ্রমিকদের প্রথম দলটিকে হংকংয়ে পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 10:14 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হংকং যেতে আগ্রহী নারী শ্রমিকদের মধ্যে ৭২ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন তাদের ভিসার কাজ চলছে।

“ভিসা পেলে প্রথম ব্যাচের ৭২ জনকে এপ্রিলের শেষ সপ্তাহে হংকংয়ে পাঠানো সম্ভব হবে।”

এজন্য মাথাপিছু ১৪০০ মার্কিন ডলার ব্যয় হবে বলে জানান তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নারী শ্রমিকরা হংকংয়ে গৃহকর্মীর কাজ করে মাসে ৫০৫ মার্কিন ডলার বেতন পাবেন।

বাংলাদেশ সরকারের সঙ্গে হংকংয়ের টেকনিক এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টারের চুক্তির আওতায় সেদেশে নারী শ্রমিক পাঠানো হবে।

টেকনিক এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টারের পরিচালক কেভিং অং জানান, বাংলাদেশ থেকে নারী শ্রমিক নেয়ার জন্য তারা সরকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন।

এর আওতায় প্রতিমাসে ২০০ জন নারী শ্রমিককে হংকংয়ে নেয়া হবে বলে জানান তিনি।

কেভিন বলেন, নারী শ্রমিক নেয়ার ক্ষেত্রে দুই মাস প্রশিক্ষণের পর একটি পরীক্ষা নেয়া হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণরাই হংকংয়ের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণে নারী শ্রমিকদের ক্যান্টরিন ভাষা ও রান্নাসহ বিভিন্ন বিয়ষ শেখানো হয় বলে জানান হংকংয়ের ভিসার জন্য অপেক্ষারত জ্যোসনা বেগম।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, বিএমইটি মহাপরিচালক বেগম শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।