বিনোদ বিহারীর মরদেহ আসছে শুক্রবার
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মরদেহ সন্ধ্যায় ঢাকায় পৌঁছার কথা থাকলেও আনা হচ্ছে শুক্রবার সকালে।
প্রয়াতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে প্রয়াতের পৌত্র সৌম শুভ্র চৌধুরী জানিয়েছিলেন, সন্ধ্যা নাগাদ মরদেহ নিয়ে তারা ঢাকা পৌঁছাবেন।
রানা দাশ গুপ্ত বলেন, “শুক্রবার সকালে কলকাতা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিনোদ বিহারীর মরদেহ ঢাকা আনা হবে।”
বিমানবন্দর থেকেই তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে মরদেহ রাখা হবে।
বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ কলকাতার ফর্টিস হাসপাতালে অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী মারা যান।
ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের এই সঙ্গীর বয়স হয়েছিল ১০৩ বছর।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা প্রদর্শনের পর হেলিকপ্টারে এই প্রয়াত বিপ্লবীর মরদেহ চট্টগ্রাম নেয়া হবে, শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তার শেষকৃত্য হওয়ার কথা।
বলুয়ার দীঘি অভয়মিত্র শ্মশানে তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন রানা দাশ গুপ্ত।
১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেয়া বিনোদ বিহারী ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেন। তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের সঙ্গী।
জন্মশতবর্ষ উদযাপন করা এই বিপ্লবী বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মৃত্যুর পর চট্টগ্রামেই শায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
