মোবাইল সিমে ভ্যাট কমানোর সুপারিশ
মোবাইল ফোনের সিম কার্ডের মূল্য সংযোজন কর (মূসক) ৬০০ থেকে কমিয়ে ২০০ টাকার নিচে নামিয়ে আনার সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিম কার্ডে মূল্যে সংযোজন কর কমানো এবং আসন্ন বাজেটের অন্যান্য বিষয় নিয়ে কয়েক দিন আগে সংশ্লিস্টদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক হয়।”
ওই বৈঠকের পরই অর্থ বিভাগে সুপারিশ পাঠানো হয় বলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে জানান।
তিনি বলেন, “বড় অপারেটরগুলো সিম কার্ডের মূল্য সংযোজন করের টাকা দিতে পারলেও তুলনামূলক কম গ্রাহক সংখ্যার অপারেটররা এই টাকা দিতে অসুবিধায় পড়ছে। তাদের কথা বিবেচনা করেই মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠিয়েছে।
বর্তমানে মোবাইল ফোন অপারেটরগুলোকে প্রতি সিম কার্ডে ৬০০ টাকা মূল্য সংযোজন কর দিতে হয়। সিম কার্ড কেনার সময় গ্রাহকদের কাছ থেকে ওই অর্থ না নিয়ে নিজেরাই তা পরিশোধ করে আসছে অপারেটরগুলো। ছয়টি অপারেটরকে এ জন্য বিপুল অংকের ভর্তুকি দিতে হচ্ছে ।
অপারেটররা বলছে, সিম কার্ডে বড় অংকের মূল্য সংযোজন কর থাকায় টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ব্যাহত হচ্ছে। যে পরিমাণ টাকা তারা এ খাতে দিচ্ছে, তা দিয়ে সেবার মান বৃদ্ধি করা যেত।
অপারেটরদের দাবির প্রেক্ষিতে ২০০১১-১২ সালে সিম কার্ডের মূসক ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়। তবে একই বাজেটে সিম কার্ডের ওপর নতুন করে ট্যারিফ ভ্যালু আরোপ করা হয়।
৩২ কিলোবাইট ধারণক্ষমতাসম্পন্ন সিম কার্ডের ওপর ০.৫৫ সেন্ট এবং ৬৪ কিলোবাইট ধারণক্ষমতার সিম কার্ডের ওপর ০.৬৫ সেন্ট ট্যারিফ ভ্যালু আরোপ করা হয় সে সময়।
বর্তমানে বাংলাদেশে গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল এবং রাষ্ট্রয়াত্ব অপারেটর টেলিটক মোবাইল ফোন সেবা দিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত ফেব্রয়ারি মাস পর্যন্ত দেশে মোবাইল ফোনের সংযোগ সংখ্যা প্রায় ১০ কোটি।
