ফেরি থেকে বাস নদীতে, নিখোঁজ ৩৫
বরিশালের বাকেরগঞ্জে ফেরি থেকে বাস নদীতে পড়ে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি ঘাটে যাচ্ছিল।
বাস নদীতে পড়ার পরপরই ১৫ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানান ওসি।
সাঁতরে তীরে ওঠা যাত্রী বাবু সাংবাদিকদের বলেন, “বাসে অর্ধশত যাত্রী ছিল। ফেরিতে ওঠার পর চালক ব্রেক ফেল করায় বাস নদীতে পড়ে যায়। এরপর আমি জানালার কাচ ভেঙে বের হয়ে এলেও অনেকেই তখনো ভেতরে ছিলেন।”
খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ শুরু করা যায়নি বলে জানান ওসি।
ফায়ার সার্ভিসের দলনেতা মো. বাশার জানান, তারা নদীতে বাসের অবস্থান চিহ্নিত করেছেন। তবে সেটি তোলার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তমের সহায়তা লাগবে।
বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল আলম ও বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
