সিলেটে গোলযোগহীন হরতাল
কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে সিলেটে বড় ধরনের কোনো গোলযোগ হয়নি।
বুধবার সকাল ৭টায় মিরাবাজারে ঝটিকা মিছিল করে সিলেট-তামাবিল সড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। এসময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটায়। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
সকাল সাড়ে ৮ টায় হরতালের সমর্থনে মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। জিন্দাবাজার এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলও হরতালের সমর্থনে মিছিল করেছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হরতালে কোথাও কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলেনি।
সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিল অতিরিক্ত পুলিশ। বিজিবি ও র্যাবও টহলে ছিল।
