দিনাজপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে দিনাজপুরে পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুরে শহরের মর্ডান মোড় ও আশপাশের এলাকা জুড়ে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগুতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। জবাবে বিএনপি সমর্থকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় ইট-পাটকেলে উপ-পরিদর্শক (এসআই) মকলেসুর রহমান আহত হন।
পুলিশ ৫ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৮ রাউন্ড রবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে মামুনুল হক হেলাল ও মুন্না মুকুল নামে দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের হামলায় বিএনপির সাবেক নারী সাংসদ রেজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সাইদুর রহমানসহ ১০/১২ নেতাককর্মী আহত হয়েছে বলে দাবি করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু।
