২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিবাদের বলি হলো ২ হাজার গাছ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদের জেরে এক ব্যক্তির দুই হাজার গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 10:27 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

উপজেলার বহরবুলা গ্রামে বলেশ্বর নদের চরে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত অসীম পাল (৫৫) জানান, চরের চার বিঘা খাস জমি স্থায়ী বন্দোবস্ত নিয়ে চিংড়ি ঘের এবং কলা ও পেঁপে চাষ করেছিলেন তিনি। এর মধ্যে দেড় বিঘা জমিতে লাগানো হয়েছিল দুই হাজার কলা ও তিন শত পেঁপে গাছ।

মঙ্গলবার গভীর রাতের কোন এক সময়ে এসব গাছ কেটে ফেলা হয়, যার পেছনে পার্শ্ববর্তী বনগ্রাম গ্রামের তৌহিদুল ইসলামের (৩২) হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অসীম বলেন, তৌহিদুল বেশ কিছুদিন ধরে এই জমিটি জোর করে দখল করার চেষ্টা করছিলেন। প্রায় দেড় মাস আগে জমি দখলের ভয় দেখিয়ে তার কাছ থেকে দশ হাজার টাকা চাঁদা নিয়েছিল।

“মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে তৌহিদ জমিতে ঘেরের মাটি কাটতে আসেন। বিষয়টি স্থানীয় মহিষপুরা পুলিশ ফাঁড়িকে জানালে জমি সংক্রান্ত কোন বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তৌহিদকে জমি থেকে সরিয়ে দেয়।”

এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল রাতে এই ঘটনা ঘটাতে পারেন বলে সন্দেহ করছেন অসীম।

মহিষপুরা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, তৌহিদুল লোকজন নিয়ে মঙ্গলবার সকালে ওই জমিতে চিংড়ি ঘেরের মাটি কাটতে এসেছিল। কিন্তু জমির মালিকানা সংক্রান্ত কোন বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তাকে বাধা দেয়।

অবশ্য তৌহিদুল ইসলাম ঘেরে যাওয়া ও গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ছয় বছর ধরে তিনি ওই চরে খাস জমিতে আলাদা চিংড়ি ঘের করছেন। মঙ্গলবার তিনি সেই জমির মাটি কাটতে গিয়েছিলেন। কিন্তু বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তাকে মাটি কাটতে বাধা দিয়েছিলো।

মোরেলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন জানান, গাছ কেটে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতির পরিমান নির্ধারণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অসীম দাবি করেন, গাছ কেটে ফেলায় তার আনুমানিক চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।