২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষ, ট্রাকে আগুন

বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 03:41 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এ সময় একটি ট্রাকে আগুন দেয়ার পাশাপাশি ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে পিকেটাররা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে  আহত হন ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে শহরের বরফকল এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রুশো ও সাহেদ আহম্মেদের নেতৃত্বে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় এবং রাস্তায় যানবাহন ভাংচুর শুরু করে।

এ সময় পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করারও চেষ্টা করে।

এক পর্যায়ে পুলিশ এগিয়ে এলে শুরু হয় সংঘর্ষ। হরতালকারীরা ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।

এদিকে সকাল ৬টার দিকে শহরের পাইকপাড়া এলাকায় মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে হরতালের সর্মথনে মিছিল বের হয়। মিছিল থেকে পুলিশের দিকে ইট ছোড়া হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, “পুলিশ বিনা উস্কানিতে আমাদের মিছিলে লাঠিপেটা করেছে। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।”

ওসি মঞ্জুর কাদের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।