‘সরকার জুম্ম জনগোষ্ঠীর সংস্কৃতিকে পদদলিত করছে’
বর্তমান সরকার পাহাড়িদের জাতীয় উৎসবের নামগুলো মুছে ফেলে ‘বৈসাবি’ নামকরণ করেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
মঙ্গলবার রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ তুলে তিনি বৈসাবি শব্দটি ব্যবহার না করার আহ্বান জানান।
বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের ৫৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছে বলেও অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সভাপতি।
পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফের হাতে অপহৃতদের উদ্ধারে সরকার ও প্রশাসনের আন্তরিকতা আজ অবধি দেখা যায়নি উল্লেখ করে সন্তু লারমা বলেন, সরকার যদি অপহৃতদের উদ্ধার না করে তাহলে পার্বত্য এলাকার মুক্তিকামী জনগণ তাদের উদ্ধার করবে।
তবে সেক্ষেত্রে যেকোন ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলেও সতর্ক করে দেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরো অবিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের বুকে ‘অপারেশন’ নামে এক ধরনের ‘সেনা কর্তৃত্ব’ বিরাজ করছে। ১৯৭২ সাল থেকে আজ অবধি এই সেনা শাসনের ফলে এ অঞ্চলের ১৪টি জাতিসত্বার জীবন ধারা সার্বিকভাবে বিপর্যস্ত।
পৌর সভা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জগৎ জোতি চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মক্তিপদ ত্রিপুরা, পার্বত্য মহিলা সমিতির নেত্রী সুপ্রভা চাকমা প্রমুখ।
এর আগে সন্তু লারমা বেলুন উড়িয়ে র্যালির উদ্ধোধন করেন। পরে পৌরসভা চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
