২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আসছে

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মঙ্গলবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার এম শওকত আলীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “কমিশনে গিয়ে বৈঠক করেই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব।” 

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে, অর্থাৎ আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বৈঠকের পর সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২১ এপ্রিল থেকে সংসদের সপ্তদশ অধিবেশন ডেকেছেন।

অন্যদের মধ্যে সংসদ সচিবালয়ের সচিব মো. মাহফুজুর রহমান ও ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক এ বৈঠকে উপস্থিত ছিলেন।