হবিগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল চলাকালে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের মশাজান সেতু এলাকায় এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সকালে মশাজান সেতুর কাছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং করছিলেন।
এ সময় সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরুর সঙ্গে পিকেটারদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন।এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি মুদি দোকান ভাংচুর করেন। এলাকায় পুলিশ মোতায়েন আছে।
