‘নাশকতা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়’
কয়েকটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে মন্তব্য করে তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক ছদ্মাবরণে’ থাকা অপরাধীদের দমন একটি স্পর্শকাতর বিষয়।
“আমি বলব, নাশকতামূলক কর্মকাণ্ড চলছে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায়। আমরা তাদের বলব- শান্ত হোন, বিরত হোন, বন্ধ করুন।”
প্রতিমন্ত্রী জানান, পহেলা বৈশাখে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নববর্ষ উদযাপনের স্থানগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
“কেউ দুঃসাহস দেখাতে চাইলে সে নিরাপত্তা জালে ধরা পড়বে।”
আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও পহেলা বৈশাখের দিন পানি, বিদ্যুৎ ও পরিচ্ছন্নতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরাও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে অংশ নেন।
পরে টুকু সাংবাদিকদের বলেন, পহেলা বৈশাখের সব আয়োজন সুষ্ঠুভাবে শেষ করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের।
তিনি জানান, পহেলা বৈশাখে কারাগারের বন্দিদের উন্নতমাতের খাবার পরিবেশন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে সার্বিক পরিস্থিতি তদারক করবেন।
এবারো পহেলা বৈশাখের দিন রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ধূমপানমুক্ত থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কেউ লাইটার বা দিয়াশলাই নিয়ে সমাবেশস্থলে আসবেন না।”
