২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ড

রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের ভেতরে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান (গণমাধ্যম) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, মঙ্গলবার বেলা সোয়া ২টার পর  ডিবি কার্যালয়ের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি ঘরে আগুন লাগে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক  লিটন হায়দার ঘটনাস্থল থেকে জানান, ডিবি অফিসের পেছনেই ওয়াসার একটি পাম্প থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে ওয়াসাকর্মীরা এগিয়ে আসেন। 

তাদের সঙ্গে নিয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাসুদুর রহমান বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুন লেগে থাকতে পারে।

ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে এক্সরে মেশিন, বোমা নিষ্ক্রিয়কারী দলের পোশাক, হেলমেটসহ মূল্যবান কাগজপত্র পুড়েছে, যার মূল্যমান আনুমানিক আড়াই লাখ টাকা।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার  মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো ডিবি অফিস নানা ঝুঁকির মধ্যে রয়েছে। দোতলা  মূল ভবনের বাইরে পুরনো আধাপাকা টিনশেড ঘর আর পাকিস্তান আমলে নির্মিত গ্যারেজকে অফিস বানিয়ে কাজ চালানো হচ্ছে। পুলিশ সদস্যদের থাকার ঘরগুলোর অবস্থাও অত্যান্ত করুণ।”

এছাড়া এ কার্যালয়ের বৈদ্যুতিক সংযোগগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

“!এসব বিষয় নিয়ে বৈদ্যুতিক বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে লেখালেখি হয়েছে। কিন্তু ফল পাওয়া যায়নি।”

নতুন ভবন নির্মাণ করে  ডিবি অফিসের আধুনিকায়ন না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই উপ কমিশনার।