২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পায়ের রগ কেটেছে প্রতিপক্ষরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 08:38 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এছাড়া দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান।

সোমবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ও লাভরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রোমান মিয়া লাভরাপাড়া গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

আহতের ভাই জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোমানের দুই পায়ের রগ কাটা হয়েছে। তার মাথাতেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ওসি মাঈনুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার লাভরাপাড়া এলাকার নুর আলমের সঙ্গে পাড়াগাঁও এলাকার জাহিদ হোসেনের বাগবিতণ্ডা হয়। এসময় জাহিদ ও তার লোকজন নুরে আলমকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় নুরে আলমের চাচা রোমান প্রতিবাদ করলে তার সঙ্গেও বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

মাঈনুর রহমান বলেন, এর জের ধরে জাহিদ তার লোকজন নিয়ে রোমানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এসময় জাহিদের লোকজন রোমানের দুই পায়ের রগ কেটে দেয়।

আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব ও কামাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।