২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নিবন্ধন রিট: শুনানি বৃহস্পতিবার

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে করা রিট আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 07:52 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের ‘বৃহত্তর বেঞ্চ’ এই দিন ধার্য করে।

এর আগে গত ১১ মার্চ এই বেঞ্চের প্রথম কার্য দিবসে শুনানির জন্য ৯ এপ্রিল দিন রাখা হয়েছিল।

সে অনুযায়ী রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর সকালে শুনানি শুরু করতে চান। কিন্তু এ মামলায় জামায়াতের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতে উপস্থিত ছিলেন না।

এম কে রহমানের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক আদালতে বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দুপুরের আগে আদালতে হাজির হতে পারবেন না।

পরে আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করে।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ওই রিট আবেদন করার পর ২০০৯ সালের ২৭ জানুয়ারি হাই কোর্ট একটি রুল জারি করে।

একটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বাহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি(১)(বি)(২) ও ৯০(সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ এবং নির্বাচন কমিশন সচিবকে ৬ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলে বিচারপতি এম বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ।

পরে রুলটি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে যায়। সেখানে আংশিক শুনানির মধ্যেই ওই বেঞ্চে এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।

ওই রিটের বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৯ সালে রুল জারি হলেও এখন পর্যন্ত বিবাদির কারো জবাব আমরা হাতে পাইনি। তবে রুল শুনানি পর্যায়ে জামায়াতের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওকালতনামাও দাখিল করেছিলেন।”

রিট আবেদনে বলা হয়, চার কারণে জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে পারে না।

প্রথমত, জামায়াত নীতিগতভাবে জনগণকে সকল ক্ষমতা উৎস বলে মনে করে না। সেইসঙ্গে আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাকেও স্বীকার করে না।

দ্বিতীয়ত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। অথচ কাজে কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল।

তৃতীয়ত, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোনো নারী বা অমুসলিম যেতে পারবে না।

চতুর্থত, কোনো দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। অথচ জামায়াত বিদেশের একটি সংগঠনের শাখা। তারা স্বীকারই করে তাদের জন্ম ভারতে। বিশ্বজুড়ে তাদের শাখা রয়েছে।

সম্প্রতি সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি আবারো জোরালো হয়ে ওঠায় আবেদনকারীরা আবারো মামলাটি শুনানির জন্য নিয়ে আসেন। পরে প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেন।

এদিকে রিট আবেদনের শুনানি সামনে রেখে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের কাছে রুলের জবাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। এম কে রহমান তা আদালতে তুলে ধরবেন।

ইসির আইন শাখার যুগ্মসচিব এন আই খান জানান, নবম সংসদ নির্বাচনের আগে যে সামাজিক-রাজনৈতিক অবস্থা ছিল তা বিবেচনায় রেখে দেশে-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপনের জন্য জামায়াতকে নিবন্ধন দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে রুলের জবাবে।