২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়ি বেড়েছে, দূরের যাত্রায় নেই

বিএনপির ডাকা হরতালের প্রথম দিন রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে গণপরিবহনের সংখ্যা। তবে মহাসড়কে ভাংচুরের ঝুঁকিতে টার্মিনালগুলো বাস ছাড়ার সাহস পাননি মালিক-শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এছাড়া বাস না চালানোর কারণ হিসেবে দূরের যাত্রায় যাত্রীর ঘাটতির কথাও জানিয়েছেন বাস টার্মিনালের লোকজন।

তবে যাত্রী কম থাকলেও রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার এই হরতাল ডাকে।

আগের দিন সোমবার হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালেও দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে যায়নি।

সায়দাবাদ টার্মিনালে পরিবহনকর্মী শাহাজাহান বলেন, হেফাজতের হরতাল শেষেও নিরাপত্তার অভাবে সোমবার সন্ধ্যার পর দূরের জেলাগুলোর উদ্দেশে বাস ছাড়েনি। আর মঙ্গলবার ভোরে বিএনপির হরতাল শুরুর পর বাস চলাচল পুরোপুরি বন্ধ আছে।

খালেক এন্টারপ্রাইজের মালিক ইমতিয়াজ হোসেন জানান, মহাসড়কে নিরাপত্তার পাশাপাশি যাত্রী সংকটের কারণে গাবতলী টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি।

মহাখালী টার্মিনাল থেকেও বাস ছাড়েনি।

তবে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি না থাকায় গণপরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার সকালে গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলছে।

অন্যান্য হরতালের মতো সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। রাস্তায়  বেশকিছু সরকারি অফিসের গাড়ি ও প্রাইভেট কারও চলতে দেখা গেছে।

যানবাহনের সংখ্যা বাড়ায় বিজয় সরণী,ফার্মগেইটসহ রাজধানীর কয়েকটি ট্রাফিক সিগন্যালে যানবাহন নিয়ন্ত্রণ করতে হচেছ ট্রাফিক পুলিশের।

বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যাও অন্যান্য হরতালের তুলনায় বেশি। লিস্তান এলাকায়  রাস্তায় ও ফুটপাতে হকারদের পণ্য নিয়ে বসতে দেখা গেছে।

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৩৪টি।

নাশকতার আশঙ্কা থাকলেও মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়নি। রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির জানান, রেল স্টেশন থেকে যথারীতি সব ট্রেন ছেড়ে গেছে।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।