চট্টগ্রামে টেম্পোতে আগুন, অটোরিকশা ভাংচুর
বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে চট্টগ্রামে একটি টেম্পোতে আগুন দিয়েছে পিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তাবারুল হক জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কয়েকজন যুবক টেম্পোতে করে এসে ওয়াসার মোড়ে নেমেই বাহনটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এর আগে ১০টার দিকে একই স্থানে মহিলা দলের কর্মীরা কয়েকটি অটোরিকশা ভাংচুর করে।
এ রকম দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হরতালে নগরীর কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ।
নগরীর বিভিন্ন সড়কে অটোরিকশা ও গণপরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক। নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্দরনগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসেও স্বাভাবিক কার্যক্রম চলছে। নিয়মিত কাজ চলছে তৈরি পোশাক কারখানাগুলোতেও।
সকালে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্থানে পথসভা হয়। দলীয় নেতাকর্মীরা নগরীর নূর আহামদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিএনপি কার্যালয়ের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও তারা মিছিলে বাধা দেয়নি।
এছাড়া সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টেরিবাজার এলাকায় ঝটিকা মিছিল করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
