২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিএনপির ডাকা দুই দিনের হরতালের শুরুতে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় ছাত্রদল ও বিনোদপুরে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:06 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, সকাল সোয়া ৭টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় হরতাল সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে রাজশাহী মহানগরের ছাত্রদল কর্মীরা। তাদের বাধা দিতে গেলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল ছুড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

অপরদিকে, বিনোদপুর এলাকায় শিবিরকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ফাঁকা গুলি করে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে তিনি জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, পিকেটিং করার সময় ছাত্রদল কর্মীদের উপর পুলিশ গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধসহ তাদের ১০ নেতাকর্মী আহত হয়।

এদিকে, সাড়ে ৭টার দিকে হোসনেগঞ্জ মোড় থেকে বিএনপির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে ৭টার দিকে নগরীর কাদিরগঞ্জ মোড় থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে মালোপাড়া মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে দলের নেতাকর্মীরা বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বিএনপি নেতা নাদিম মোস্তফা অভিযোগ করেন, কোনো উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পালানোর সময় দলের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে তিনি জানান।